বগুড়ার এরুলিয়ায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা শ্রমিকদের চাপা দিলে অন্তত সাতজনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও ১৭ জন। শুক্রবার (৭ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের এরুলিয়া উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনাস্থলে থাকা বগুড়া সদর থানার এএসআই শফিকুল ইসলাম শফিক বলেন, নিহতদের মধ্যে তিনজনের পরিচয় মিলেছে। তারা হলেন- গাইবান্ধার আমিরুল, নূর আলম ও বেলাল হোসেন। তারা সবাই দিনমজুর ও কৃষিশ্রমিক।

বগুড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. শহীদুল ইসলাম বলেন, ‘ঢাকা থেকে নওগাঁর উদ্দেশে ছেড়ে আসা শাহ ফতেহ আলী পরিবহনের একটি বাস আজ সকাল ৬টার দিকে এরুলিয়া এলাকায় একটি মোটরসাইকেলকে জায়গা দিতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে,’ প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বলেন শহীদুল।

সড়ক দুর্ঘটনা

তিনি আরও বলেন, ‘বাসটি প্রথমে রাস্তার পাশের একটি বৈদ্যুতিক খুঁটিকে ধাক্কা দেয়, এরপর রাস্তার পাশে থাকা মানুষদের চাপা দেয়। হতাহত অধিকাংশই দিনমজুর ও গৃহস্থ।’ তবে বাসের কোনো যাত্রীদের তেমন আহত হননি, বলেন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

শহীদুল বলেন, ‘ঘটনাস্থলেই তিনজন মারা গেছেন। স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় ১৮ জন শ্রমিক ও গৃহস্থকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।’

এদিকে সড়ক দুর্ঘটনায় নিহতদের ২৫ হাজার এবং আহতদের ১৫ হাজার করে টাকার অনুদান দেয়ার ঘোষণা দিয়েছেন বগুড়া জেলা প্রশাসক তৌফিকুর রহমান। সেই সাথে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে তিন কর্ম দিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।