ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। আগামী ২৭ আগস্ট (বৃহস্পতিবার) বিকাল তিনটায় রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে এ অধিবেশন শুরু হবে।

মঙ্গলবার (১১ আগস্ট) জাতীয় সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইংয়ের (আইন প্রণয়ন শাখা-১) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের প্রদত্ত ক্ষমতাবলে মহামান্য রাষ্ট্রপতি আগামী ২৭ আগস্ট বিকেলে জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদের এ অধিবেশন আহ্বান করেছেন। এটি চলতি সংসদের তৃতীয় অধিবেশন হতে যাচ্ছে।

সূত্রে জানা গেছে, অধিবেশন শুরু হওয়ার আগে সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে সংসদ কত দিন চলবে, তা নির্ধারণ করা হবে।

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন সম্পন্ন হয় গত ১৫ জুলাই। এই অধিবেশনে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়। ফলে ৭ জুন শুরু হয়ে দীর্ঘ সময় ধরে চলে অধিবেশনটি।

গত ১২ ফেব্রুয়ারি ত্রুয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ১৭ ফেব্রুয়ারি সরকার গঠন করলে সংসদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় মার্চ মাসের শুরুতে।