সিলেট মহানগরের একটি বাসা থেকে বৃদ্ধ দম্পতি ও তাদের গৃহপরিচারিকার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১২ আগস্ট) সকালে রায়নগরের মিতালী আবাসিক এলাকার ওই বাসায় তাদের গলাকাটা মরদেহ পাওয়া যায়।

নিহতরা হলেন— এম এ সাত্তার (৮২), তার স্ত্রী সুরাইয়া বেগম (৭২) ও গৃহপরিচারিকা তাহমিনা (১৫)। সাত্তার মিয়া সিলেট চেম্বার অব কমার্সের সদস্য ছিলেন। এই দম্পত্তির চার সন্তানের মধ্যে দুজন যুক্তরাজ্যে এবং দুজন যুক্তরাষ্ট্রে থাকেন। বৃদ্ধ দম্পত্তি গৃহপরিচারিকাসহ রায়নগরের ওই বাসাতেই থাকতেন।

সিলেট কোতোয়ালি থানার ওসি খান মো. মঈনুল জাকির বলেন, স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। পুলিশ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের চেষ্টা করছে।

ঘটনাস্থল পরিদর্শন করে সিলেট মহানগর পুলিশের কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাড়ি থেকে তিনজনের মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কোনো ধারালো অস্ত্র দিয়ে তাদের আঘাত করা হয়েছে তবে ঘটনাস্থল থেকে তাৎক্ষণিকভাবে কোনো অস্ত্র পাওয়া যায়নি।

নিহত দম্পতির ভাগনে মুন্না মিয়া জানান, রায়নগরের বাসায় মামা-মামি থাকতেন। তাদের সঙ্গে এক গৃহপরিচারিকা থাকতো। সকাল ৯টার দিকেও তাদের সঙ্গে কথা হয়। ধারণা করা হচ্ছে, ৯টার পর তাদের হত্যা করা হয়েছে।

এসএমপির কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম ঘটনাস্থল পরিদর্শন শেষে বলেন, ‘আমরা বাসার ওয়্যারড্রোব খোলা পেয়েছি। ধারণা করছি, সেখান থেকে স্বর্ণ বা অন্য দামি জিনিস সরানো হয়েছে। এখন ক্রাইমটি কোন ধরনের, ডাকাতি নাকি পারিবারিক শত্রুতা, খতিয়ে দেখছি। আমরা দ্রুত এই রহস্য উদঘাটনের চেষ্টা করছি।’