চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) পুকুরে গোসল করতে নেমে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (১২ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কবি কাজী নজরুল ইসলাম হলসংলগ্ন পুকুরে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের শিক্ষার্থী শান্ত দেব এবং কম্পিউটার ও বিজ্ঞান কৌশল বিভাগের শিক্ষার্থী অর্ণব দত্ত। তাঁরা দুজনই বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তাদের বাড়ি সিলেটের মৌলভীবাজার জেলায়।
চুয়েটের জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ রাশেদুল ইসলাম দুই শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, পুকুরে ডুবে তাদের মৃত্যু হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে ফুটবল খেলা শেষে অর্ণব ও শান্ত হলের পাশের পুকুরে গোসল করতে যান। একপর্যায়ে তারা পুকুরের মাঝামাঝি অংশে সাতার কাটতে গিয়ে পানিতে ডুবে যান।
পরে স্থানীয়দের সহায়তায় উদ্ধার অভিযান শুরু হয়। প্রায় ২০ মিনিট পর অর্ণবকে এবং ৪৫ মিনিট পর শান্তকে পুকুর থেকে উদ্ধার করা হয়। পরে তাদের চট্টগ্রাম নগরের এভারকেয়ার হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।











