দেশে মহামারি আকারে ছড়িয়ে পড়া হামে গত ২৪ ঘণ্টায় উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ১৫৯ জন শিশুর শরীরে হামের সংক্রমণ শনাক্ত করা হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করা চার শিশুর প্রত্যেকেই সন্দেহজনক হামের উপসর্গ নিয়ে মারা গেছে। অন্যদিকে নতুন আক্রান্ত ১ হাজার ১৫৯ জনের মধ্যে ১৮৭ জনের শরীরে নিশ্চিতভাবে হামের উপস্থিতি পাওয়া গেছে এবং অবশিষ্ট ৯৭২ জন সন্দেহভাজন হিসেবে শনাক্ত হয়েছে।

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশজুড়ে মোট ১ লাখ ৪১ হাজার ৪৮ জন সন্দেহভাজন এবং ১৭ হাজার ৭৩০ জন নিশ্চিত হাম রোগী শনাক্ত করা হয়েছে। এই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিতে ভর্তি হয়েছে ১ লাখ ২২ হাজার ৭৯৪ জন শিশু, যাদের মধ্যে ১ লাখ ১৮ হাজার ৫৪০ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছে।

পরিস্থিতির ভয়াবহতা ফুটে উঠেছে মৃত্যু পরিসংখ্যানে। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারাদেশে হাম উপসর্গ নিয়ে মোট ৮৯৪ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭৯৫ জন সন্দেহভাজন এবং ৯৯ জন নিশ্চিত হামের রোগী ছিল।

বিভাগওয়ারী তথ্যে দেখা গেছে, দেশে হামের সংক্রমণ ও মৃত্যুতে সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে ঢাকা বিভাগ। এর পর ক্রমানুসারে রয়েছে রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগ।