রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে রিধিকা রিধি নামে এক অভিনেত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) সকাল ছয়টার দিকে সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় রিধির মরদেহ উদ্ধার করা হয়। পরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্বজনরা জানিয়েছেন, সকালে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পেয়ে পরিবারের সদস্যরা তাকে নামিয়ে কুর্মিটোলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে আমরা কুর্মিটোলা হাসপাতালে গিয়ে মরদেহ পাই। বর্তমানে তার মা ও পরিবারের সদস্যরা থানায় আছেন। তাদের দেওয়া তথ্য অনুযায়ী, একজনের সঙ্গে রিধির প্রেমের সম্পর্ক ছিল। আজ ভোরে ওই ব্যক্তির সঙ্গে ভিডিও কলে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ভিডিও কলে থাকা অবস্থাতেই রিধি আত্মহত্যা করে।’

তিনি আরও জানান, ‘পরিবারের অভিযোগের ভিত্তিতে আমরা মামলা নিচ্ছি।’

রিধিকা সোশ্যাল মিডিয়াতে সক্রিয় ছিলেন। বিভিন্ন সময় তিনি তার কাজের ছবি প্রকাশ করতেন। রিধিকা সর্বশেষ পোস্ট করেন ৩০ জুলাই। এরপর আর তাকে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেননি। যদিও এর আগে নিয়মিত কাজের আপডেট দিতেন তিনি।

প্রসঙ্গত, রিধিকা রিধি মডেলিংয়ের মাধ্যমে শোবিজে পরিচিতি পান। পরবর্তী সময়ে অভিনয়েও নিয়মিত কাজ করেন তিনি। বেশ কয়েকটি নাটকে অভিনয় করে দর্শকদের নজরে আসেন এই অভিনেত্রী। মডেলিংয়ের পাশাপাশি বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছেন রিধিকা রিধি। তার অভিনীত নাটকের মধ্যে উল্লেখযোগ্য হলো ‘এখানে মানুষ বিক্রি হয়’, ‘বহুরূপী’, ‘ডাবল হানিমুন’ ও ‘সুন্দরী’।