রাঙ্গামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিকআপ উল্টে নারীসহ চারজন নিহত হয়েছেন। এর মধ্যে ঘটনাস্থলেই তিনজন এবং হাসপাতালে নেওয়ার পথে একজনের মৃত্যু হয়। এ ঘটনায় চালকসহ আরও দুজন গুরুতর আহত হয়েছেন।
রোববার (১৬ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে মানিকছড়ি আর্মি ক্যাম্পের সামনে রাঙ্গামাটি-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
দুর্ঘটনায় নিহতরা হলেন- মেঘরানী চাকমা (৪৫), শান্তনা চাকমা (৩৮) ও শান্তি রঞ্জন চাকমা (৬৫), শোভা চাকমা (৫২)। এ ঘটনায় গুরুতর আহতরা হলেন- জ্ঞান বিকাশ চাকমা (৫০) ও সুমন চাকমা (৪৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাঙামাটি শহর থেকে একটি যাত্রীবাহী পিকআপ কুতুকছড়ি বাজারের দিকে যাচ্ছিল। গাড়িটি মানিকছড়ি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়। এতে ঘটনাস্থলে মেঘরানী চাকমা, শান্তনা চাকমা ও শান্তি রঞ্জন চাকমা নামে তিন যাত্রীর মৃত্যু হয়।
এ ঘটনায় গুরুতর আহত তিনজনকে দ্রুত উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নেওয়া হয়। দুর্ঘটনায় আশঙ্কাজনক শোভা চাকমাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম নেওয়ার পথে তার মৃত্যু হয়।
রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. শওকত আকবর জানান, দুর্ঘটনার পর মোট ছয়জনকে হাসপাতালে আনা হয়। তাঁদের মধ্যে তিনজনকে মৃত ঘোষণা করা হয়। আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পথে শোভা চাকমা নামের একজনের মৃত্যু হয়।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দিন জানান, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আহতদের চিকিৎসায় তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত গাড়িটি জব্দ করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।
এদিকে এ দুর্ঘটনার সংবাদ পেয়ে সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য দীপেন দেওয়ান নিহত ও আহতদের দেখতে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে যান। এ সময় তিনি স্বজনদের সঙ্গে কথা বলেন এবং প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।












