বিদ্যমান র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করে পুলিশের অধীনে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) গঠনের লক্ষ্যে প্রস্তাবিত ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইন, ২০২৬’-এর খসড়া অনুমোদন করেছে মন্ত্রিসভা। সোমবার (১৭ আগস্ট) রাতে মন্ত্রিসভার বৈঠকে খসড়া অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এর আগে সাধারণ মানুষের মতামত নিতে প্রস্তাবিত এই আইনের খসড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছিল। লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগে ভেটিং প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর এই খসড়াটি বিল আকারে জাতীয় সংসদে উত্থাপিত হবে। সংসদ অধিবেশনে আলোচনা ও ভোটাভুটির মাধ্যমে বিলটি পাস হলেই তা পূর্ণাঙ্গ আইনে পরিণত হবে।
এই আইনের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো, বিদ্যমান র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করে পুলিশ বাহিনীর আওতায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) নামে একটি বিশেষায়িত ইউনিট প্রতিষ্ঠার বিধান করা হয়েছে।
নাগরিকদের অভিযোগ এবং ইউনিটের সদস্যদের অভ্যন্তরীণ সংক্ষোভ নিষ্পত্তির জন্য একটি বহুপক্ষীয় অভিযোগ প্রতিকার কমিটি গঠনের বিধান রাখা হয়েছে। র্যাব-সংক্রান্ত জনবল, আদেশ, ক্ষমতা, কর্তৃত্ব, সুবিধা, তহবিল, সম্পত্তি, হিসাব, রেকর্ড ও অন্যান্য সংশ্লিষ্ট সম্পদ এসআরবির নিকট স্থানান্তরের বিধান রাখা হয়েছে। পাশাপাশি, নতুন বিধিমালা প্রণীত না হওয়া পর্যন্ত বিদ্যমান র্যাব-সংক্রান্ত বিভাগীয় কার্যধারার বিধিমালা প্রয়োজনীয় অভিযোজনসহ বহাল রাখার ব্যবস্থা করা হয়েছে।
মন্ত্রিসভায় ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।












