স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের শেষকৃত্যে অংশ নিতে সাবেক সমাজকল্যাণমন্ত্রী ও সাবেক সংসদ সদস্য ডা. দীপু মনিকে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) তার মেয়ে তানি দিপাবলি নেওয়াজের আবেদনের পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষ এ অনুমতি দেয়। প্যারোলের আওতায় বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত তিনি কারাগারের বাইরে থাকতে পারবেন।

মুন্সীগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রথমে চার দিনের প্যারোলের আবেদন করা হলেও কর্তৃপক্ষ ১২ ঘণ্টার জন্য মুক্তির অনুমোদন দিয়েছে।

এর আগে, বুধবার সকাল থেকে মায়ের প্যারোলের জন্য মুন্সীগঞ্জের বিভিন্ন দপ্তরে দৌড়াদৌড়ি করেন দীপু মনির মেয়ে তানি দিপাবলি নেওয়াজ। দুপুর ১২টার দিকে মায়ের সঙ্গে দেখা করতে মুন্সীগঞ্জ জেলা কারাগারে কারাগারে যান তিনি।

সেখান থেকে বের হয়ে দুপুর পৌনে ২টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে অতিরিক্ত জেলা প্রশাসক রেজাউল করিমের কাছে প্যারোলে মুক্তির আবেদন করেন।

আইনজীবী গাজী ফয়সাল ইসলাম জানান, প্রথমে চার দিনের প্যারোলের আবেদন করা হয়েছিল। পরে ১২ ঘণ্টার আবেদন মঞ্জুর করা হয়। দীপু মনি মুক্তি পাওয়ার পর তার স্বামীর লাশ দাফন করা হবে।

সাবেক সমাজকল্যাণ ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজ মঙ্গলবার রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।