গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন ক্ষমতাসীন দল বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংসদ সদস্যদের ভোটে তিনি রাষ্ট্রপ্রধান নির্বাচিত হলেন। বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদের অধিবেশন কক্ষে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণের পর গণনা শেষে মির্জা ফখরুলকে বিজয়ী ঘোষণা করা হয়। এর আগে দুপুর ২টার পর সংসদে ভোটগ্রহণ শুরু হয়।
নির্বাচনে প্রার্থী ছিলেন দুইজন— বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াত নেতৃত্বাধীন ১১-দলীয় জোট সমর্থিত এলডিপি প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ।
তাদের মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট এবং কর্নেল (অব.) অলি আহমদ ৮৮ ভোট পেয়েছেন।
এই নির্বাচনে মোট ভোটার ছিলেন ৩৪৯ জন, যাদের প্রত্যেকেই সংসদ সদস্য। তাদের মধ্যে ভোট দিয়েছেন ৩৪৩ জন।
প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন এই নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। সংসদ সদস্যরা জাতীয় সংসদে তাদের নির্ধারিত আসনে বসে ছিলেন এবং নির্বাচন কমিশনের (ইসি) ২০ জন কর্মকর্তা তাদের সহায়তা করেছেন ও ব্যালট পেপার সরবরাহ করেন। সংসদ সদস্যরা তিনটি স্বচ্ছ বাক্সে তাদের ব্যালট ফেলেছেন।
সিইসি এ এম এম নাসির উদ্দিন জানান, নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।
এ এম এম নাসির উদ্দিন বলেন, আমি ঘোষণা করছি যে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, পিতা-মির্জা রুহুল আমিন, ঠিকানা-গ্রাম: কালিবাড়ী, ডাকঘর: ঠাকুরগাঁও-৫১০০, ঠাকুরগাঁও সদর, ঠাকুরগাঁও পৌরসভা, ঠাকুরগাঁও জেলা, সর্বোচ্চ সংখ্যক ভোটপ্রাপ্ত হওয়ায় রাষ্ট্রপতি পদে যথাযথভাবে নির্বাচিত হয়েছেন।
দীর্ঘ ৩৫ বছর পর দেশে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হলো। দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যরা ভোট দেন।












