স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি এখনই ঘোষণা করা সম্ভব নয় বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। তিনি বলেছেন, নির্বাচনের দিনক্ষণ নির্ধারণে বেশ কিছু বিষয় বিবেচনা করতে হবে। সংশ্লিষ্ট সব পক্ষের প্রস্তুতি শেষ হলেই ভোটের আয়োজন করা হবে।
সোমবার (২৪ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে আয়োজিত ‘এক্সিকিউটিভ লিডারশিপ ডায়ালগ’ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি এসব কথা বলেন।
প্রধান নির্বাচন কমিশনার বলেন, স্থানীয় সরকার নির্বাচনের জন্য আমাদের কিছু আইন-কানুন ও বিধি-বিধান সংশোধন করতে হচ্ছে। তবে তেমন সময় লাগবে না। আমাদের তরফ থেকে আমরা কাজ করে ফেলেছি এবং মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠিয়েছি।
তিনি বলেন, আমাদের কমিটমেন্টের কোনও ঘাটতি নেই। আমরা ঠিক যে নির্বাচন (জাতীয় নির্বাচন) করেছি, যেভাবে করেছি, তার চেয়ে খারাপ হবে না। বরং আমরা তার চেয়ে আরও ভালো করতে চাইব। ওই নির্বাচনে যে স্ট্যান্ডার্ড আমরা সেট করেছি, তার নিচে তো আমরা যেতে পারি না। সুতরাং ওই স্ট্যান্ডার্ড থাকবেই। যদি পারি, তার চেয়েও আরও ভালো করবো। আশা করি, সবার সহযোগিতা নিয়ে আমরা পারবো। কোনও অসুবিধা হবে না।
নির্বাচনের তারিখ নির্ধারণ প্রসঙ্গে সিইসি বলেন, সরকারের সঙ্গে পরামর্শ করে ভোটের দিনক্ষণ ঠিক করবে নির্বাচন কমিশন। এ ক্ষেত্রে আবহাওয়া, বর্ষাকাল, বন্যা, পূজা ও পাবলিক পরীক্ষার মতো বিষয়গুলো বিবেচনায় নেওয়া হবে।
সম্প্রতি পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) সঙ্গে বৈঠকের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, নির্বাচনের জন্য পুলিশের প্রস্তুতি, সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং কতসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা সম্ভব—এসব বিষয়ে জানতে চেয়েছে কমিশন। এ সময় পুলিশকে প্রয়োজনীয় কিছু পরামর্শও দেওয়া হয়েছে।
সিইসি আরও বলেন, জাতীয় নির্বাচন যেভাবে পরিচালনা করা হয়েছে, স্থানীয় সরকার নির্বাচন তার চেয়ে ভালো হবে; খারাপ হওয়ার কোনো কারণ নেই। সবার সহযোগিতা নিয়ে নির্বাচন কমিশন সফলভাবে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করতে পারবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।












