দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। এবার ভরিতে ১ হাজার ৬৩৩ টাকা বাড়িয়ে সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনার দাম ভ্যাটসহ নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৭ হাজার ৭৪৩ টাকা।
মঙ্গলবার (২৫ আগস্ট) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় স্বর্ণের নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বাজুসের বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার সকাল ৯টায় সংগঠনটির মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আন্তর্জাতিক ও স্থানীয় বাজার পরিস্থিতি বিবেচনায় নিয়ে সোনার দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়।
বাজুসের নতুন মূল্য তালিকা অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৭ হাজার ৭৪৩ টাকা। এর আগে সোমবার (২৪ আগস্ট) একই পরিমাণ সোনার দাম ছিল ২ লাখ ৪৬ হাজার ১১০ টাকা। অর্থাৎ প্রতি ভরিতে দাম বেড়েছে ১ হাজার ৬৩৩ টাকা।
এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৬ হাজার ৬০৪ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হবে ২ লাখ ৩ হাজার ১৮৭ টাকা দরে। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৫ হাজার ৯২০ টাকা।
সোনার দাম বাড়লেও রুপার বাজারদরে কোনো পরিবর্তন আনা হয়নি। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৫ হাজার ৪৮২ টাকা।
এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৫ হাজার ২৪৯ টাকা, ১৮ ক্যারেটের ৪ হাজার ৪৯১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৩৮৩ টাকা অপরিবর্তিত রয়েছে।












