নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ জানিয়েছেন, আগামী নভেম্বরে ইউনিয়ন পরিষদ নির্বাচনের মধ্যদিয়ে স্থানীয় সরকার নির্বাচন শুরুর প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। আগের মতো ধাপে ধাপে এসব নির্বাচন আয়োজন করা হবে। এতদিন অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরুর কথা বলা হলেও এখন সম্ভাব্য ভোটগ্রহণের সময় নভেম্বর নির্ধারণ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
নির্বাচন কমিশনার বলেন, নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত সময়কে নির্বাচন আয়োজনের উপযুক্ত মৌসুম হিসেবে বিবেচনা করা হয়। তবে এ সময়ের মধ্যে পূজা, ঈদ ও রমজানের মতো বিভিন্ন ধর্মীয় ও জাতীয় আয়োজন থাকায় সেগুলো বিবেচনায় নিয়েই নির্বাচনের সময়সূচি নির্ধারণ করা হবে।
তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের ক্ষেত্রে ইউনিয়ন পরিষদের ভোটকে অগ্রাধিকার দেয়ার বিষয়ে কমিশনের নীতিগত সিদ্ধান্ত রয়েছে। সেই অনুযায়ী নভেম্বরেই ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের লক্ষ্য নিয়ে প্রস্তুতি এগিয়ে নেয়া হচ্ছে।
নির্বাচন কমিশনার জানান, স্থানীয় সরকার নির্বাচনের পুরো প্রক্রিয়া ধাপে ধাপে এগিয়ে নেয়া হবে। নির্বাচনের উপযুক্ত সময়, ধর্মীয় উৎসব ও অন্যান্য বিষয় বিবেচনায় নিয়ে ভোটের সময়সূচি চূড়ান্ত করবে কমিশন।












