চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে উপজেলার দেবিনগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চর চাকলা এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত পাঁচ শিশু হলো- চর চাকলা গ্রামের নিজাউদ্দিনের দুই মেয়ে সুমাইয়া (১১) ও সুরাইয়া (৯), একই এলাকার মাসুদ আলীর দুই মেয়ে সুমাইয়া (১১) ও আরিবা (৮) এবং শরিফুল ইসলামের মেয়ে শরীফা (১১)।
দেবীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান জানান, কয়েকজন শিশু চর চাকলা এলাকায় মরা পাগলা নদীতে গোসল করতে নামে। এ সময় একে একে পাঁচ শিশু পানিতে ডুবে যায়।
স্থানীয় আব্দুল হালিম হাম্মাদ বলেন, ‘শুক্রবার হওয়ায় গ্রামের সবাই জুমার নামাজ পড়তে গিয়েছিলেন। এ সময় শিশুরা কখন নদীতে গোসল করতে নেমেছিল, তা কেউ বুঝতে পারেনি। পরে তারা পানিতে ডুবে যায়।’ পরে তাদের খোঁজ করতে গিয়ে নদীতে ডুবে যাওয়ার বিষয়টি জানতে পারেন। পরে স্থানীয় লোকজন নদীতে নেমে শিশুদের উদ্ধারের চেষ্টা করেন।
স্থানীয় আরও কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা যায়, চর চাকলা গ্রামের পাশের নদীটি স্থানীয়ভাবে মরা নদী নামে পরিচিত। এটি পদ্মার একটি শাখা নদী। বর্ষা ও বৃষ্টির সময় পদ্মার পানি ঢুকে নদীটি প্লাবিত হয়। বছরের অন্য সময় এখানে তেমন পানি থাকে না। তখন নদীর তলদেশে ও আশপাশের জমিতে ফসল চাষ করা হয়।
সম্প্রতি বৃষ্টি ও পদ্মা নদীর পানি বৃদ্ধির কারণে মরা নদীটি পানিতে ভরে যায়। শুক্রবার দুপুরে পাঁচ শিশু ওই পানিতে গোসল করতে নামে। একপর্যায়ে তারা পানিতে ডুবে যায়।
পাঁচ শিশুর মৃত্যুর ঘটনায় চর চাকলা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ












