গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে আরও তিন জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও উপসর্গে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৯৮৬ জনে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় কেবল উপসর্গ নিয়ে ৯৬৪ জন রোগী শনাক্ত হয়েছেন। এর মাধ্যমে চলতি বছরের ১৫ মার্চ থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশে মোট সন্দেহভাজন হামরোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬১ হাজার ১৪৮ জনে। একই সময়ে পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হওয়া রোগীর সংখ্যা ছিল ৮০ জন, যা নিয়ে মোট নিশ্চিত আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ১৯ হাজার ৫২৭ জনে।

হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির চাপও কমেনি। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত ১ লাখ ৪১ হাজার ৪৪৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে স্বস্তির খবর হচ্ছে, চিকিৎসাসেবা নিয়ে এ পর্যন্ত হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৩৬ হাজার ৪০৫ জন।

বিজ্ঞপ্তিতে মৃত্যুর পরিসংখ্যান তুলে ধরে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে মারা যাওয়া ৩ জনসহ ১৫ মার্চ থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত মোট ৮৮৭ জন শিশুর প্রাণ গেছে। অন্যদিকে এই ছয় মাসে পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া হামরোগী হিসেবে মোট ৯৯ জনের মৃত্যু নথিভুক্ত করেছে স্বাস্থ্য অধিদপ্তর।