ইরানের অভ্যন্তরে মার্কিন বিমান হামলায় দেশটির সামরিক বাহিনীর অন্তত তিনজন পাইলট প্রাণ হারিয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এই খবরের সত্যতা নিশ্চিত করেছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম এএফপি এবং ইরান ইন্টারন্যাশনালের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

নিহতরা হলেন মোজতবা বাঘেরি, হামেদ ওকাতি আর হোসেনই মাহদাভিয়ান। এরমধ্যে প্রথম দু’জন নৌবাহিনীর পাইলট ছিলেন। আর তৃতীয়জন বিমানবাহিনীর পাইলট।

তারা নিহত হওয়ার সময় যুদ্ধবিমান চালাচ্ছিলেন কি না বা কোনো হামলায় অংশ নিয়েছিলেন কি না সেটিও উল্লেখ করেনি তেহরান।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম বলেছে, ইরানজুড়ে যুক্তরাষ্ট্রের ব্যাপক বোমাবর্ষণে মঙ্গলবার ও বুধবারে অন্তত ১৯ জন ইরানি নিহত হয়েছেন।

দেশটির সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন হামলায় ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশে সাতজন এবং কেরমানশাহ প্রদেশে বিপ্লবী গার্ডের চার সদস্য মারা গেছেন।

গত ৩০ আগস্ট ইরানের লারাক দ্বীপে মার্কিন সামরিক অভিযানের মধ্যদিয়ে দু’দেশের মধ্যে নতুন করে সংঘাত শুরু হয়েছে। এর মাধ্যমে প্রায় এক মাস ধরে চলা আপেক্ষিক শান্ত পরিস্থিতির অবসান ঘটে।

উক্ত হামলার পর যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনী ইরানের অভ্যন্তরীণ একাধিক লক্ষ্যবস্তুতে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রাখে। এর জবাবে তেহরানও মধ্যপ্রাচ্যজুড়ে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে ড্রোন ও মিসাইল দিয়ে তীব্র পাল্টা আক্রমণ শুরু করে। বিশেষ করে কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত মার্কিন ঘাঁটি ও সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে ইরান এই সংঘাত আরও বাড়িয়ে তুলেছে, যা সমগ্র অঞ্চলকে নতুন করে বড় ধরনের যুদ্ধের ঝুঁকিতে ফেলেছে।