ঢাকা থেকে নিজ এলাকায় ফেরার পথে বগুড়ার শিবগঞ্জে জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ির ধাক্কায় ফিরোজা বেগম (৫৫) নামের এক নারী নিহত হয়েছেন। দুর্ঘটনার পর নারীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মন্ত্রীর গাড়িটি রাস্তার পাশের খাদে পড়ে যায়। এ সময় মন্ত্রী ও তার স্ত্রী সামান্য আহত হলেও পরে তারা পুলিশ প্রটেকশনের গাড়িতে করে জয়পুরহাটের উদ্দেশে রওনা হন।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে মোকামতলা-জয়পুরহাট সড়কের কিচক ইউনিয়নের গোপীনাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান।

জানা যায়, ঢাকা থেকে জয়পুরহাটের কালাই উপজেলায় পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে যাওয়ার সময় মোকামতলা-জয়পুরহাট আঞ্চলিক মহাসড়কের কিচক ব্রিজের কাছে পৌঁছায় প্রতিমন্ত্রীর বহর। এ সময় হঠাৎ এক পথচারী নারী গাড়ির সামনে পড়ে গেলে তাকে বাঁচানোর চেষ্টা করেন চালক।

এতে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তার পাশের কৃষিজমিতে পড়ে যায়। দুর্ঘটনার পর আহত প্রতিমন্ত্রী, তার স্ত্রী এবং বডিগার্ডকে উদ্ধার করে প্রথমে কালাইয়ে প্রতিমন্ত্রীর বাসায় নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে জয়পুরহাট ৪০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে।

অন্যদিকে, দুর্ঘটনায় আহত পথচারী শিবগঞ্জের গোপীনাথপুর গ্রামের মৃত নিজাম উদ্দিনের স্ত্রী ফিরোজা বেগম (৫৫)। গাড়ির সঙ্গে ধাক্কা লেগে তিনি রাস্তায় পড়ে যান। এতে তার ডান পা ভেঙে যায়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা পৌনে ১২টার দিকে তার মৃত্যু হয়।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী বলেন, ‘ফিরোজা বেগমের মরদেহ হাসপাতালের পুলিশ হেফাজতে রয়েছে। নিহতের পরিবারের সদস্যরা হাসপাতালে আছেন। তাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’