চীনের ছিংদাও বন্দরে মেরামতের জন্য রাখা একটি কার্গো জাহাজে ভয়াবহ আগুনে অন্তত ২০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন নিখোঁজ রয়েছেন। বৃহস্পতিবার চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।
‘ওশান মেলোডি’ নামের জাহাজটিতে আগুন লাগার সময় ৪২ জন ছিলেন। তাদের মধ্যে ১২ জনকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। এছাড়া পাঁচজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তাদের অবস্থা স্থিতিশীল বলে জানানো হয়েছে। পরে জাহাজ থেকে ২০ জনের মরদেহ উদ্ধার করা হয়।
চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভি জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ১১টা ১৫ মিনিটের দিকে জাহাজটিতে আগুন ছড়িয়ে পড়ে। পরে দুপুর দেড়টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
জাহাজটিতে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, শানডং প্রদেশের কিংদাওয়ে অবস্থিত বেইহাই শিপবিল্ডিং কোম্পানির ইয়ার্ডে মেরামতের জন্য জাহাজটি রাখা হয়েছিল। সেখানেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
ঘটনাস্থলের কাছাকাছি একটি আবাসিক এলাকার এক প্রত্যক্ষদর্শী এএফপিকে জানিয়েছেন, তিনি জাহাজ থেকে ঘন কালো ধোঁয়া বের হতে দেখেছেন। তবে কোনো বিস্ফোরণের শব্দ বা পোড়া গন্ধ পাননি।
মেরিনট্রাফিকের তথ্য অনুযায়ী, ‘ওশান মেলোডি’ প্রায় ১৯০ মিটার দীর্ঘ একটি বাল্ক ক্যারিয়ার। জাহাজটি কিংদাও বন্দরে নোঙর করা ছিল।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে প্রেসিডেন্ট শি জিনপিং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত উদ্ধার অভিযান পরিচালনার নির্দেশ দেন। একই সঙ্গে দুর্ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও বলেছেন তিনি। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে অগ্নিকাণ্ডের ঝুঁকি ও নিরাপত্তাব্যবস্থা পুঙ্খানুপুঙ্খভাবে তদন্তের নির্দেশ দিয়েছেন চীনা প্রেসিডেন্ট।
কিংদাও চীনের অন্যতম গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সামুদ্রিক কেন্দ্র। বিশ্বের ১৮০টিরও বেশি দেশ ও অঞ্চলের ৭০০টির বেশি বন্দরের সঙ্গে এই শহরের সমুদ্রপথে যোগাযোগ রয়েছে।
চীনে গত কয়েক বছর ধরে শিল্পকারখানা ও বিভিন্ন স্থাপনায় অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সর্বশেষ এই দুর্ঘটনাও দেশটির শিল্প ও সামুদ্রিক নিরাপত্তাব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।












