দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৪৯২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩৯ জনে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতরের বুলেটিনে বলা হয়, বুধবার সকাল ৮টা থেকে ২৪ ঘণ্টায় ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ৮১ জন ও দক্ষিণ সিটিতে ১৫১ জন ভর্তি হন। দুই সিটির বাইরে ঢাকা বিভাগে ভর্তি হন ৩২৭ জন।

এ ছাড়া বরিশাল বিভাগে ১৭৮ জন, চট্টগ্রাম বিভাগে ২০২ জন, খুলনায় ২৮৪ জন, ময়মনসিংহে ৮০, রংপুরে ৫৪ জন ও সিলেট বিভাগে ১৩ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

সরকারের হিসাবে, চলতি বছর এ পর্যন্ত ৪৮ হাজার ৪৩০ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৪৪ হাজার ৮৫৭ জন হাসপাতাল ছেড়ে গেছেন।

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মারা যাওয়া ব্যক্তিদের তথ্য ২০০০ সাল থেকে রাখে স্বাস্থ্য অধিদফতর।

তখন থেকে হিসাব ধরলে, ২০২৩ সালে দেশে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।