চট্টগ্রামে অনলাইন প্রতারক সন্দেহে আটক ভিন দেশি ৬৩ জনের কারো কাছে পাসপোর্ট পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার বিকালে চট্টগ্রাম মহানগর পুলিশ-সিএমপি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য দিয়েছেন অতিরিক্ত কমিশনার ফয়সাল আহম্মেদ। তবে পুলিশের ধারণা তাদের সবার পাসপোর্ট এক ব্যক্তির কাছে জমা আছে এবং সেই ব্যক্তিই তাদের ভবনটি ভাড়া করে দিয়েছিল।
পরে ৬৩ বিদেশি নাগরিককে সাইবার সুরক্ষা আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। তাঁদের মধ্যে এক শিশুসহ ৪২ জন পুরুষ ও ২০ জন নারী রয়েছেন।
শুক্রবার সন্ধ্যা ছয়টার পর ৬৩ জনকে আদালতে তোলা হয়। চট্টগ্রাম মহানগর হাকিম-২ মুহাম্মাদ আবুল মনছুরের আদালত প্রত্যেক আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে দুটি প্রিজন ভ্যানে করে তাঁদের কারাগারে নেওয়া হয়।
গ্রেপ্তার বিদেশি নাগরিকদের মধ্যে লাওসের ৩৪ জন, পাকিস্তানের ২১ জন, নেপালের একজন, ভিয়েতনামের একজন ও চীনের ৫ জন রয়েছেন। এছাড়া, তাদের সঙ্গে একটি শিশুও ছিল। গ্রেপ্তারকৃতদের মধ্যে ২০ নারী।
শুক্রবার বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) ফয়সাল আহমেদ বলেন, ‘তাদের কাছ থেকে ১৩৪টি মোবাইল ফোন ও ৫৭টি বিভিন্ন ব্র্যান্ডের ল্যাপটপ পাওয়া গেছে। তবে কারো কাছে কোনো পাসপোর্ট পাওয়া যায়নি। তিনটি পাকিস্তানি জাতীয় পরিচয়পত্র ও একটি কম্বোডিয়ার চাকরির কার্ড পাওয়া গেছে।’
তিনি বলেন, ‘পুরো ভবনটি ভাড়া নিয়ে তারা সেখানে অনলাইনে বিভিন্ন প্রতারণামূলক কাজ করে আসছে। তাদের সঙ্গে দেশি-বিদেশি কিছু চক্র আছে।’
‘লাওস ও কম্বোডিয়ায় আইনশৃঙ্খলা বাহিনী অপরাধীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালাচ্ছে। তাই সেখান থেকে অনেকেই কৌশলে বাংলাদেশে চলে এসেছেন,’ বলে জানান তিনি।
এক প্রশ্নের জবাবে ফয়সাল আহমেদ বলেন, ‘প্রতারণার ধরন আমরা তদন্ত করছি। আপাতত তাদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা হয়েছে।’
এর আগে বৃহস্পতিবার মধ্যরাতে অভিজাত খুলশী আবাসিক এলাকার একটি ভবনে অভিযান চালায় কাউন্টার টেররিজম ইউনিট ও পুলিশের যৌথ দল। অভিযানে ল্যাপটপ, মুঠোফোনসহ ১৭০টি ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার করা হয়।
পুলিশের ধারণা, বাংলাদেশে বসে অনলাইন জুয়া ও চাকরির বিজ্ঞাপনের মাধ্যমে প্রতারণা করতেই এসব বিদেশি নাগরিক দেশে এসেছিলেন।
শুক্রবার বিকেলে নগরের দামপাড়া পুলিশ লাইনসের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) ফয়সাল আহম্মদ।
এক ভবনের ১৪ ইউনিট ভাড়া
পুলিশ জানায়, অনলাইন প্রতারণা ও জুয়ার কার্যক্রম চালানোর জন্য চক্রটি বাংলাদেশকে বেছে নেয়। এর সঙ্গে স্থানীয় কিছু লোকও জড়িত। স্থানীয়দের সহযোগিতায় বহুতল ভবনটির ১৪টি ফ্ল্যাট ভাড়া নিয়ে তারা কার্যক্রম চালাত। দেড় মাস আগে ফ্ল্যাটগুলো ভাড়া নেওয়া হয়। সেখানেই চলত তাদের অনলাইন কার্যক্রম।
ফ্ল্যাটগুলোতে একাধিক সার্ভার, কম্পিউটার, ল্যাপটপসহ তথ্যপ্রযুক্তির বিভিন্ন সরঞ্জাম স্থাপন করা হয়েছিল। অভিযানে এসব সরঞ্জামসহ ১৭০টি ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার করা হয়।
মাঠপর্যায়ের কর্মীরা গ্রেফতার, মূলহোতারা বাইরে
সংবাদ সম্মেলনে অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) ফয়সাল আহম্মদ জানান, গ্রেফতার ৬৩ বিদেশি নাগরিক সবাই মাঠপর্যায়ের কর্মী। চক্রটির মূলহোতারা এখনো ধরা পড়েনি। তাঁদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।
গ্রেফতার ব্যক্তিদের কার্যক্রম সম্পর্কে তিনি বলেন, তাঁরা বিভিন্ন চমকপ্রদ ওয়েবসাইট খুলে এবং চাকরির কথা বলে সাধারণ মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিতেন। এ ছাড়া বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যাংকের তথ্য হ্যাক করে টাকা হাতিয়ে নেওয়ার বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।
এই চক্রের পেছনে কারা রয়েছে এবং গ্রেফতার ব্যক্তিরা কীভাবে এতে যুক্ত হয়েছেন, তা খতিয়ে দেখা হচ্ছে। তাঁদের কাছ থেকে উদ্ধার করা ডিভাইসগুলো ফরেনসিক পরীক্ষার পর এ বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।
এর আগে ৩ সেপ্টেম্বর রাতে কক্সবাজারের একটি হোটেল থেকে একই অভিযোগে ছয় বিদেশি নাগরিককে গ্রেফতার করে পুলিশ। তাঁদের মধ্যে পাঁচজন চীনের ও একজন তাইওয়ানের নাগরিক। তাঁদের কাছ থেকে ১ হাজার ৯৩৮টি আইফোন, ৪০টি ল্যাপটপসহ বিভিন্ন যোগাযোগ সরঞ্জাম উদ্ধার করা হয়।
কক্সবাজারের ওই চক্রের সঙ্গে চট্টগ্রামের চক্রটির কোনো সংযোগ আছে কি না, তা নিশ্চিতভাবে জানাতে পারেনি পুলিশ। তবে বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে তারা।












