দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও সাত জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০০ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯১৯ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে হামে ও এর উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৯ জনে। শনিবার (১২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, শুক্রবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকাতেই ৫ জন মারা গেছেন। এ সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে নতুন করে ৮৫৫ জন রোগী এসেছে।

এর আগে শুক্রবার (১১ সেপ্টেম্বর) হামের উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছিল। একই সময়ে দেশে নতুন করে ১ হাজার ১২ জনের সন্দেহজনক হাম শনাক্ত করা হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মৃত্যুর সংখ্যা আগের দিনের তুলনায় বেড়েছে। চলমান হাম পরিস্থিতিতে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা নিয়ে নিয়মিত তথ্য প্রকাশ করছে স্বাস্থ্য অধিদপ্তর।