আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বেড়েছে। ডলারের দর কিছুটা কমে আসা এবং তেলের দামে স্থিতিশীলতার মধ্যে বুধবার (১৬ সেপ্টেম্বর) মূল্যবান ধাতুটির দাম বাড়ে। তবে বিনিয়োগকারীদের নজর এখন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হারসংক্রান্ত সিদ্ধান্তের দিকে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার স্পট গোল্ডের দাম ০.৭ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৩২৪ দশমিক ৩৬ ডলারে উঠেছে। এর আগে সোমবার (১৪ সেপ্টেম্বর) এক মাসের বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছিল স্বর্ণের দাম। ডিসেম্বর সরবরাহের জন্য যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারসের দামও ০.৮ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৩৬৫ ডলারে দাঁড়িয়েছে।
নাগা ডটকমের বাজার বিশ্লেষক ফ্রাঙ্ক ওয়ালবাম জানান, ট্রেডাররা মূলত ইউএস ফেডের সিদ্ধান্ত, বিশ্ববাজারে তেলের দাম এবং মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক পরিস্থিতির ওপর নজর রাখছেন। ফেড প্রধান কেভিন ওয়ারশ সুদের হার বৃদ্ধির পক্ষে কঠোর বার্তা দিলে স্বর্ণের দামে বড় পতন ঘটতে পারে। তবে নমনীয় বার্তা পাওয়া গেলে সুদের হার বৃদ্ধির আশঙ্কা কেটে বাজার ঘুরে দাঁড়াবে।
সিএমই ফেডওয়াচ টুলের তথ্যানুযায়ী, আজকের বৈঠকে ফেডারেল রিজার্ভ সুদের হার অন্তত ২৫ বেসিস পয়েন্ট (০.২৫ শতাংশ) বাড়াবে— এমন সম্ভাবনা ৯২ দশমিক ৪ শতাংশ বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা। সাধারণত উচ্চ সুদের হার থাকলে সুদহীন স্বর্ণের ওপর বিনিয়োগের আকর্ষণ কমে যায়।
এদিকে চলতি সপ্তাহে আরও কয়েকটি দেশের কেন্দ্রীয় ব্যাংক সুদের হারসংক্রান্ত সিদ্ধান্ত জানাবে। শুক্রবার ব্যাংক অব জাপান সুদের হার বাড়িয়ে ৩১ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে নিতে পারে। পাশাপাশি ভবিষ্যতে ঋণের ব্যয় আরও বাড়ানোর ইঙ্গিত দিতে পারে।
ভূরাজনৈতিক উত্তেজনাও প্রভাব ফেলছে
ভূরাজনৈতিক উত্তেজনাও স্বর্ণের বাজারে প্রভাব ফেলছে। সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের এক মুখপাত্র জানিয়েছেন, মক্কার দক্ষিণে সৌদি আরবের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা একটি হুতি ড্রোন ধ্বংস করেছে। ড্রোনটি পবিত্র নগরী মক্কার নিষিদ্ধ আকাশসীমায় প্রবেশের আগেই ধ্বংস করা হয়।
অন্যান্য ধাতুর দাম
অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে রুপার দাম ১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৬৪ দশমিক ৩০ ডলারে উঠেছে। প্লাটিনামের দাম ০.২ শতাংশ কমে ১ হাজার ৭৭১ দশমিক ৬৫ ডলারে নেমেছে। আর প্যালাডিয়ামের দাম ১.২ শতাংশ বেড়ে প্রতি আউন্স ১ হাজার ৩০৪ দশমিক ৯৪ ডলারে দাঁড়িয়েছে। সূত্র: রয়টার্স
দেশের বাজারে স্বর্ণের দাম
এদিকে দেশের বাজারে বর্তমানে ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণালংকারের দাম ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা।এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরির দাম ২ লাখ ২২ হাজার ৪৯১ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে।












