প্রথম সন্তান জন্মের পাঁচ বছর পার হতেই ঢালিউড চিত্রনায়িকা শবনম বুবলীকে ঘিরে ফের মা হওয়ার গুঞ্জন ছড়ায়। তবে এবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে বুবলী নতুন এক মন্তব্য করেছেন এই অভিনেত্রী।
সম্প্রতি একটি সুন্দরী প্রতিযোগিতার অনুষ্ঠানে সাদা পোশাকে পরীর মতো লুকে হাজির হন বুবলী। অনুষ্ঠানে তার পোশাক ও চলাফেরায় বেবিবাম্প স্পষ্টভাবে ক্যামেরাবন্দি হওয়ায় গুঞ্জন আরো জোরালো হয়।
অনুষ্ঠানে কাজ ও ব্যক্তিজীবন নিয়ে সাংবাদিকদের একাধিক প্রশ্নের সম্মুখীন হন বুবলী। কথা প্রসঙ্গে উঠে আসে বুবলীর দ্বিতীয়বার মা হওয়া প্রসঙ্গ এবং ব্যক্তিগত একাধিক বিষয়।

এ বিষয়ে মন্তব্য করা কৌশলে এড়িয়ে যান নায়িকা। রহস্যময় উত্তর দিয়ে বুবলী বলেন, ব্যক্তিগত বিষয় নিয়ে মানুষের আগ্রহ থাকাটাই স্বাভাবিক এবং তিনি সেটাকে সম্মান করেন।
সাংবাদিকরা মূলত দর্শকদের অনুভূতিই তাদের কাছে পৌঁছে দেন বলেও উল্লেখ করেন তিনি। তবে বুবলীর মতে, ব্যক্তিগত বিষয় নিয়ে আনুষ্ঠানিকভাবে কথা বলার জন্য আলাদা সময় ও উপলক্ষ থাকা উচিত। যেহেতু তিনি একটি সুন্দরী প্রতিযোগিতার অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, তাই সেখানে এসব আলোচনা না হওয়াই ভালো।
ভুল তথ্যের নিউজ প্রসঙ্গে বুবলি বলেন, আমি একাধিক নিউজ দেখেছি যে আমার বক্তব্য না নিয়েই বলা হচ্ছে বুবলি বলেছে। এটা ঠিক নয়। অনেকে বলেন, ফোনে আমাদের পাওয়া যায় না। আসলে আমরা শুটিংয়ে থাকলে ফোনকল ধরতে পারি না। তখন আমরা একটা অন্তত মেসেজ আশা করি। যদি মেসেজের উত্তর না দেয়া হয় তার মানে এ বিষয়ে আমরা কোনো কথা বলতে চাইছি না আপাতত। অথচ আমার সঙ্গে কথা না বলেই আমর বক্তব্য বলা হয়, এটা আসলে দুঃখজনক।
গত বছরের শেষের দিকে চিত্রনায়ক ও সাবেক স্বামী শাকিব খানের সঙ্গে শবনম বুবলী ও তার ছেলে বীর আমেরিকায় লম্বা ছুটি কাটান। সামাজিক যোগাযোগ মাধ্যমে সুন্দর মুহূর্তগুলো শেয়ার করেন অভিনেত্রী। এরপরই প্রকাশ্যে আসে বুবলির অন্তঃসত্ত্বার খবর। এ বিষয়ে এখন পর্যন্ত বুবলি কিংবা শাকিব খান কোনো অফিশিয়াল মন্তব্য না করায় তারকা জুটিকে নিয়ে রহস্য বাড়ছে শোবিজ অঙ্গনে।












