তুরস্কের দক্ষিণাঞ্চলে পৃথক দুই সড়ক দুর্ঘটনায় ১৬ জন নিহত হয়েছেন। রোববার (১ ফেব্রুয়ারি) আঙ্কারা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, আনতালিয়া শহরের কাছে মহাসড়কে একটি দুর্ঘটনা ঘটেছে। এলাকাটিতে একটি বাস সড়ক থেকে ছিটকে পড়ে গেলে ৯ জন নিহত এবং ২৫ জন আহত হন। আহতদের মধ্যে ৭ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন আনতালিয়া প্রদেশের গভর্নর হুলুসি শাহিন।
ডিএইচএ বার্তা সংস্থা জানিয়েছে, আনতালিয়া থেকে ইসপার্তা যাওয়ার মহাসড়কের বুরদুর এলাকায় আরেকটি দুর্ঘটনা ঘটেছে। এতে ৭ জন নিহত এবং আরও ৫ জন আহত হয়েছেন।
গভর্নর শাহিন জানান, বাসটিতে মোট ৩৪ যাত্রী ছিলেন। তারা তুরস্কের পশ্চিমাঞ্চলীয় শহর তেকিরদাগ থেকে আনতালিয়ার দিকে যাচ্ছিলেন। তবে নিহতদের মধ্যে কোনো বিদেশি নাগরিক ছিলেন কি না, সে বিষয়ে তিনি কিছু জানাননি।
তিনি বলেন, এটি এমন একটি সংযোগস্থল যেখানে দ্রুতগতিতে গাড়ি চালানো উচিত নয়। কিন্তু ধারণা করা হচ্ছে, বাসটি উচ্চগতিতে সেখানে প্রবেশ করেছিল। বৃষ্টির কারণে সড়কটি পিচ্ছিল হয়ে পড়েছিল।












