আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বরিশালে শুরু হয়েছে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনি জনসভা। বুধবার (৪ ফেব্রুয়ারি) সাড়ে ১১টার দিকে বরিশাল নগরীর ঐতিহাসিক বেলস পার্ক মাঠে শুরু হয় এ জনসভা। এই জনসভায় যোগ দিতে বেলা ১২টার দিকে হেলিকপ্টারে করে বরিশালে পৌঁছেন বিএনপির চেয়ারম্যান।

এ জনসভা উপলক্ষে দীর্ঘ ২০ বছর পর বরিশালের মাটিতে পা রাখলেন তারেক রহমান। প্রিয় নেতাকে এক নজর দেখার জন্য সভাস্থলে তৃণমূল নেতাকর্মী ও সমর্থকদের ঢল নেমেছে। দেশবাসীর উদ্দেশে নির্বাচনি বার্তা দেওয়ার পাশাপাশি এদিন জনসভায় বরিশাল বিভাগের ২১ আসনে বিএনপি ও শরিক প্রার্থীদের পরিচয় করে দেবেন তারেক রহমান।

দলীয় চেয়ারম্যানের সফর উপলক্ষে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসবের আনন্দ বিরাজ করছে। বিভাগের ৬ জেলা ও উপজেলা থেকে নেতারা সমাবেশের একদিন আগেই নেতাকর্মীরা বরিশাল নগরীতে এসেছেন। মঙ্গলবার দুপুরের পর থেকেই তারা বেলস পার্ক মাঠে এসে নিজেদের মধ্যে শুভেচ্ছা বিনিময় করছেন।

বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার বলেন, শুধু বিএনপির নেতাকর্মীই নয়। আপামর জনগণ সবাই উপস্থিত হবেন। স্বাভাবিক দৃষ্টিতে সংখ্যা নিরুপন করা সম্ভব নয়। এটা নিরুপন করতে হলে টেকনোলজি ব্যবহার করতে হবে।

বরিশাল মহানগর পুলিশের উপকমিশনার সুশান্ত সরকার বলেন, তারেক রহমানের আগমন উপলক্ষ্যে পুলিশ, বিজিবি, সেনাবাহিনী , বিজিবি ও র‌্যাবের সমন্বয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকবে। সমাবেশস্থানসহ নগরীর গুরুত্বপূর্ণ মোড়ে পুলিশ মোতায়েন থাকবে। শুধু সমাবেশই নয়, নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড রক্ষায় কাজ করছে পুলিশ। অন্যান্য প্রার্থীদের প্রচারণায় নিরাপত্তা দিতেও পুলিশ নগরীতে থাকবে।