ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী শবনম বুবলী। ক্যারিয়ারের শুরুতে শাকিব খানের সঙ্গেই সিনেমায় নাম লিখিয়েছেন। কয়েকদিন ধরেই মিডিয়ায় গুঞ্জন ভেসে বেড়াচ্ছিল আবারও মা হচ্ছেন বুবলী। এবার সেই গুঞ্জনই যেন সত্য হতে চলেছে।

এর আগে অভিনেত্রীর মা হতে যাওয়ার খবর দিয়েছিল ভারতীয় মিডিয়া। এরপর থেকেই জোরালো হতে থাকে এই খবর। শোনা যাচ্ছে, শাকিবের দ্বিতীয় সন্তান জন্ম দিতে যুক্তরাষ্ট্রে উড়াল দিচ্ছেন বুবলী।

শাকিব ও বুবলীর ঘরে শেহজাদ খান বীর নামে এক সন্তান রয়েছে। ফের তাদের ঘরে আসছে নতুন অতিথি, জানা গেছে বুবলী এখন পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। শাকিব খানের পরামর্শেই সন্তান জন্ম দেয়ার প্রস্তুতি নিচ্ছেন ঢাকাই চলচ্চিত্রের এই অভিনেত্রী।

শারীরিক ঝুঁকির কারণে আপাতত শুটিং বন্ধ রেখেছেন বুবলী। ‘ঢাকাইয়া দেবদাস’ ছবিতে আদর আজাদের বিপরীতে চার দিন শুটিং করলেও দ্বিতীয় লটের জন্য শিডিউল দেননি। জানা গেছে, তিনি শিগগিরই যুক্তরাষ্ট্রে যাবেন সন্তান জন্ম দিতে- যেমনটা হয়েছিল বীরের সময়ও।

এদিকে প্রযোজক জাহাঙ্গীর সিকদার জানিয়েছেন, বুবলীকে ছাড়াই ছবির বাকি কাজ শেষ করতে হবে, কারণ প্রায় দেড় বছরের বিরতিতে যাচ্ছেন নায়িকা।

উল্লেখ্য, ২০২০ সালের ২১ মার্চ যুক্তরাষ্ট্রে প্রথম সন্তানের জন্মের খবর নিজেই প্রকাশ করেছিলেন বুবলী। বর্তমানে তার ‘পিনিক’ সিনেমা মুক্তির অপেক্ষায়, আর সর্বশেষ তাকে দেখা গেছে জংলি সিনেমায়।