রাজধানীর কাকরাইল মসজিদ ও হোটেল ইন্টারকন্টিনেন্টাল এলাকা এবং যমুনা ভবনের নিরাপত্তা জোরদার করতে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বিজিবি।
এদিকে নবম জাতীয় বেতন কমিশনের প্রতিবেদনের আলোকে ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরাও করেছেন সরকারি কর্মচারীরা। বেলা সোয়া ১১টায় হোটেল ইন্টারকন্টিনেন্টালের পাশের সড়কে পুলিশের দেওয়া ব্যারিকেড ভেঙে যমুনার প্রবেশ মুখে অবস্থান নেন তারা। এ সময় বিভিন্ন স্লোগান দেন সরকারি চাকরিজীবীরা। কিছুক্ষণ পর আন্দোলনকারীদের ওপর টিয়ারগ্যাস নিক্ষেপ করতে দেখা যায় পুলিশকে।
দফায় দফায় লাঠিচার্জ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করায় এক পর্যায়ে যমুনার সামনে থেকে সরে যায় আন্দোলনরত সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।












