সাবেক পানিসম্পদমন্ত্রী ও ঠাকুরগাঁও-১ (সদর উপজেলা) আসনের সাবেক এমপি রমেশ চন্দ্র সেন কারাগারে অসুস্থ হয়ে মারা গেছেন। শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৯টা ২৯ মিনিটে দিনাজপুর জেলা কারাগার থেকে হাসাপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দিনাজপুর জেলা কারাগার সূত্রে জানা গেছে, গত ১৬ আগস্ট ঠাকুরগাঁও থানার পুলিশ তাকে আটক করে আদালতের মাধ্যমে ঠাকুরগাঁও জেলা কারাগারে পাঠানো হয়। সেখান থেকে ১৭ আগস্ট তাকে দিনাজপুর জেলা কারাগারে স্থানান্তর করা হয়। তিনি হত্যাসহ মোট ৩টি মামলায় কারাগারে বন্দি ছিলেন। শনিবার সকালে অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয় এবং সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দিনাজপুর জেলা কারাগারের জেলার ফরহাদ সরকার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, তিনি হৃদরোগ, মস্তিষ্কসহ নানান ধরনের অসুখে আক্রান্ত ছিলেন। জেলা কারাগারের ভেতরেই তাকে নিয়মিত চিকিৎসা দেওয়া হচ্ছিল। সকাল ৯টার দিকে তিনি অসুস্থ হলে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে তিনি মৃত্যুবরণ করেন।
রমেশ চন্দ্র সেন ১৯৪০ সালের ৩০ এপ্রিল ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার রুহিয়া ইউনিয়নের কশালগাঁও গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম ক্ষিতীন্দ্র মোহন সেন এবং মায়ের নাম বালাশ্বরী সেন। তিনি রংপুর কারমাইকেল কলেজে পড়াশোনা করেন। তিনি পাঁচবারের এমপি ছিলেন।












