আবারও ভূমিকম্পে কেঁপে উঠলো বাংলাদেশ। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেল ৫টা ৩২ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। প্রাথমিকভাবে এর মাত্রা ৪.০০ ছিল বলে জানা গেছে।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)-এর তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তি সিলেটের গোয়াইনঘাট উপজেলার গুরুকচি গ্রামের আশেপাশে। তবে এ ভূমিকম্প কতসময় স্থায়ী হয়েছিল তা এখনো বিস্তারিত জানা যায়নি। ক্ষয়ক্ষতির কোনো খোঁজ পাওয়া যায়নি।
প্রাথমিক তথ্য অনুযায়ী, ভূমিকম্পের ফলে সিলেটে মৃদু কম্পন অনুভূত হয়েছে। এ ছাড়া ছাতক (২৮ কিমি দূরে), সুনামগঞ্জ (৫৪ কিমি দূরে), মৌলভীবাজার (৬৮ কিমি দূরে) এবং হবিগঞ্জেও (৯৪ কিমি দূরে) খুব সামান্য কম্পন অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে। ভারতের মেঘালয় রাজ্যের জোয়াই এবং শিলং অঞ্চলেও এই কম্পন টের পাওয়া গেছে।
এর আগে, শনিবার (৭ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে বাংলাদেশের উত্তরে ভারতের সিকিম রাজ্যে ৪ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এতে নেপাল, চীন ও ভুটানের কিছু অংশ কেঁপে উঠে। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল পশ্চিম সিকিমে, ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে। এর কেন্দ্রস্থল থেকে বাংলাদেশ প্রায় ৫৫ মাইল (৮৮ কিলোমিটার) উত্তরে। এছাড়া নেপাল, চীন ও ভুটানের কিছু এলাকাতেও কম্পনের প্রভাব অনুভূত হয়েছে।











