নড়াইল সদর উপজেলায় আধিপত্য বিস্তারের জেরে প্রতিপক্ষের হামলায় চারজন নিহত হয়েছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোরের দিকে উপজেলার সিংগাশোলপুর ইউনিয়নের বড়কুলা গ্রামে এ ঘটনা ঘটে। নড়াইল সদর থানার ওসি মোহাম্মদ ওলি মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন খলিল (৬০), তাহাজ্জত (৩০), ওসি (৩০) ও ফেরদৌস (৪০)। তাৎক্ষণিকভাবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। তবে নিহত সবাই একই এলাকার বাসিন্দা বলে জানিয়েছে স্থানীয়রা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার সিংগোশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়ের ও খলিলের লোকজনের মাঝে মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে সোমবার ভোরে বড়কুলা এলাকায় দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এতে দেশীয় অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই খলিল গ্রুপের রহমান খলিল, তার ছেলে তাহাজ্জুদ হোসেন ও একই পক্ষের ফেরদৌস হোসেন মারা যান। এসময় গুরুতর আহত অপর পক্ষের সাবেক চেয়ারম্যান খায়ের গ্রুপের ওসিবুরকে আহত অবস্থায় উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নড়াইল সদর থানা পুলিশের ওসি ওলি মিয়া বলেন, এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।