নাটকের পরিচিত অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরার মরদেহ উদ্ধার করা হয়েছে। অভিনেতার শ্বশুরবাড়ির লোকজন জানান, শনিবার দুপুরের দিকে মিরপুর ডিওএইচএসের বাসায় ইকরা আত্মহত্যা করেন। অভিনেতা আলভীকে নিয়ে কাজ করেন- এমন একাধিক নির্মাতা বিষয়টি নিশ্চিত করেন।
একটি নাটকের শুটিংয়ে বর্তমানে আলভী নেপালে অবস্থান করছেন। সামাজিক মাধ্যমে তিনি লিখেন, ‘দুপুরে মিরপুর ডিওএইচএসের বাসায় আমার স্ত্রী ইকরা আত্মহত্যা করেছে। আমি নেপালে শুটিংরত ছিলাম। খবরটা শোনার পর থেকে কথা বলার মতো অবস্থায় নেই। আমি বুঝতে পারছি না আমাদের সন্তান আর আমার কথা না ভেবে সে কেন এভাবে চলে গেল। শুভাকাঙ্ক্ষী ও সাংবাদিক ভাইদের অনুরোধ করছি, আমাকে একটু সময় দিন। আমি দ্রুত ঢাকা ফেরার চেষ্টা করছি, ফিরে সবার সঙ্গে কথা বলব। ততক্ষণ পর্যন্ত এই শোকের মুহূর্তে আমাকে এবং আমার পরিবারকে একটু মানসিক স্বস্তি দিন। আমাদের সন্তানের ভবিষ্যতের কথা ভেবে হলেও দয়া করে কোনো বিভ্রান্তিকর তথ্য ছড়াবেন না। সবাই আমার ইকরার জন্য দোয়া করবেন।’
প্রসঙ্গত,২০১০ সালের ৯ নভেম্বর ভালোবেসে বিয়ে করেন আলভী-ইকরা। ১৫ বছরের দাম্পত্য জীবনে তাদের এক পুত্র সন্তান রয়েছে।












