ফাল্গুন মাসের মাঝামাঝি সময়ে এসে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটল রাজধানীবাসীর। টানা কয়েক মাস বৃষ্টিহীন আবহাওয়ার পর মৌসুমের প্রথম বৃষ্টিতে ভিজেছে ঢাকা। সোমবার (২ মার্চ) দুপুর প্রায় ২টার দিকে রাজধানীর বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হয়। যদিও বৃষ্টির স্থায়িত্ব ছিল স্বল্প সময়ের, তবু এতে কিছুটা স্বস্তি মিলেছে গরমে ক্লান্ত নগরবাসীর।

আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে পাওয়া ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার দুপুরের পূর্বাভাসে বলা হয়েছিল, আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। বাস্তবেও তা-ই দেখা গেছে। এ সময় পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যাওয়ার কথা জানানো হয়।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যে, রোববার ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং সোমবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। সোমবার দুপুর ১২টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং সে সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৬২ শতাংশ।

এর আগে সংস্থাটি জানিয়েছে, আজ ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এছাড়া মঙ্গলবারও (৩ মার্চ) ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

আবহাওয়া অফিস আরও জানিয়েছে, সারা দেশে আজ দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। এ ছাড়া ঢাকায় বাতাসের পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে।