বিশ্বের ১২১টি দেশের মধ্যে বায়ুদূষণে শীর্ষে উঠে এসেছে রাজধানী ঢাকা। মঙ্গলবার সকাল ১০টা ১৬ ‍মিনিটে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার প্রকাশিত বায়ুগুণমান সূচক অনুযায়ী, শীর্ষে উঠে আসা ঢাকার বায়ুর মান ২৬৭, যা ‘খুব অস্বাস্থ্যকর’ মানদণ্ডে পড়ে। এ ছাড়া ২২৯ স্কোরে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে পাকিস্তানের লাহোর। এই শহরের বাতাসও ‘খুব অস্বাস্থ্যকর’।

তালিকায় তৃতীয় থেকে পঞ্চম অবস্থান পর্যন্ত রয়েছে ভারতের তিনটি শহর। এর মধ্যে ২২১ স্কোরে তৃতীয় মুম্বাই, ২০২ স্কোরে দিল্লি ও ১৯৭ স্কোরে কলকাতা। এসব শহরে মধ্যে মুম্বাই ও দিল্লির বাতাস আজ ‘খুব অস্বাস্থ্যকর’।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়।

এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।