ইরানের পর কিউবার সরকার পরিবর্তনের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বৃহস্পতিবার (৬ মার্চ) হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি সরাসরি কিউবায় সরকার পরিবর্তনের হুমকি দেন। আলজাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

ট্রাম্প জানান, ইরানের বিরুদ্ধে তার প্রশাসনের চলমান যুদ্ধ শেষ হওয়ার পর কিউবার বিরুদ্ধে মার্কিন পদক্ষেপ শুরু হতে পারে। এ সময় কিউবা ইস্যুতে ‘চমৎকার কাজ’ করার জন্য পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে ধন্যবাদ জানান তিনি।

তিনি আরও বলেন, ‘কিউবায় বর্তমানে যা ঘটছে তা সত্যিই আশ্চর্যজনক। তবে আমরা প্রথমে ইরান ইস্যুটি শেষ করতে চাই। কিউবায় আমাদের পদক্ষেপ শুরু হওয়া এখন কেবল সময়ের ব্যাপার মাত্র।’

নিজের বক্তব্যে ট্রাম্প মার্কিন সামরিক বাহিনীর আধুনিকায়ন ও পুনর্গঠনের ওপর বিশেষ জোর দেন। তিনি দাবি করেন, তার প্রথম মেয়াদ থেকেই তিনি সামরিক বাহিনীকে অভাবনীয়ভাবে গড়ে তুলেছেন। ট্রাম্প বলেন, ‘সত্যি বলতে, আমি যতটা চাই তার চেয়েও বেশি সামরিক শক্তি ব্যবহার করছি; কিন্তু যখনই আমরা এটি ব্যবহার করেছি, আমরা দেখেছি যে এটি অবশ্যই কার্যকর হয়েছে।’

এর আগে ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালানোর পর মধ্য আমেরিকার ক্যারিবিয়ান অঞ্চলের দেশ কিউবাকে আলটিমেটাম দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি তখন বলেছিলেন, যদি ওয়াশিংটনের সঙ্গে বাণিজ্য চুক্তিতে না আসে হাভানা, তাহলে নিকট ভবিষ্যতে মানবিক বিপর্যয়ের মধ্যে পড়বে কিউবা।

এমনকি কোনো দেশ যদি কিউবায় তেল রপ্তানি করে, তাহলে সেই দেশের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের হুমকিও দেন ট্রাম্প।