ইরান ও মার্কিন-ইসরায়েল যুদ্ধের ভয়াবহতা আঘাত হেনেছে সৌদি আরবের কেন্দ্রস্থলে। গত কয়েক দিনের চরম হামলার ধারাবাহিকতায় সৌদি আরবের আল-খারজ এলাকায় ক্ষেপণাস্ত্রের আঘাতে দুই ব্যক্তি নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত ১২ জন।
রোববার (৮ মার্চ) বার্তাসংস্থা রয়টার্স দেশটির সিভিল ডিফেন্সের বরাতে এ তথ্য জানিয়েছে। সূত্র জানিয়েছে, সৌদির আল-কারজ শহরে রোববার এ হামলার ঘটনা ঘটে। সেখানে একটি আবাসিক এলাকায় মিসাইল আছড়ে পড়ে।
সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা সংস্থা সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে নিহতদের জাতীয়তার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে।
সংস্থাটি এক্সে দেওয়া এক বার্তায় জানায়, প্রজেক্টটি রিয়াদ প্রদেশের আল-খারজ প্রশাসনিক এলাকার একটি আবাসিক কম্পাউন্ডে আঘাত হানে। আল খারজ রিয়াদ থেকে প্রায় ৮০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত।
ইরানের শক্তিশালী সামরিক বাহিনী ইসলামি বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, তারা সৌদি আরবের আল-খারজসহ বেশ কিছু কৌশলগত এলাকায় মোতায়েন করা মার্কিন ও মিত্র বাহিনীর রাডার সিস্টেম ও সামরিক অবকাঠামো লক্ষ্য করে এই হামলা চালিয়েছে।
গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন ও ইসরায়েলি বাহিনী ইরানে ভয়াবহ বিমান হামলা শুরু করে। এই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে পাল্টা আঘাত হানার ঘোষণা দেয় তেহরান। এরই অংশ হিসেবে তারা ইসরায়েলের পাশাপাশি উপসাগরীয় দেশগুলোতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করছে।
সাম্প্রতিক এই সংঘাতের মাত্রা এতটাই বেড়েছে, গত মঙ্গলবার সৌদি আরবে অবস্থিত মার্কিন দূতাবাস ও সংযুক্ত আরব আমিরাতের মার্কিন কনস্যুলেটেও ড্রোন হামলার ঘটনা ঘটেছে।












