নিউজিল্যান্ডকে বড় ব্যবধানে হারিয়ে টি–টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতেছে ভারত। রোববার (৮ মার্চ) ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে তৃতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের স্বাদ পেল টিম ইন্ডিয়া। এবার সূর্যকুমার যাদবের নেতৃত্বে শিরোপা ঘরে তোলে ভারতীয় দল।

আহআমেদাবাদে ফাইনালে নিউজিল্যান্ডের আমন্ত্রণে ব্যাট করতে নেমে টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে ৫ উইকেটে ২৫৫ রান তুলেছিল ভারত। অভিষেক শর্মা, ইনফর্ম সানজু স্যামসন,ইসান কিষাণ -ব্যাট হাতে ঝড় তুলেছিলেন ভারতের টপ অর্ডারের সবাই। পাহাড় সমর টার্গেটের জবাব দিতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে মাত্র ১৫৯ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ড।

ইনিংসের শুরুতেই ঝড় তোলেন অভিষেক শর্মা। তিনি ২১ বলে ৬টি চার ও ৩টি ছক্কায় ৫২ রান করেন। তিন নম্বরে নেমে ইশান কিশান ২৫ বলে ৪টি চার ও ৪টি ছক্কায় ৫৪ রান যোগ করেন। ইনিংসের শেষ দিকে শিবম দুবে ৮ বলে ৩টি চার ও ২টি ছক্কায় ২৬ রানের বিধ্বংসী ইনিংস খেলে ভারতের স্কোরকে আরও বড় করে তোলেন। গত আসরের ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৭৬ রান করে রেকর্ড গড়েছিল ভারত। এবার নিজেদের সেই রেকর্ড ভেঙে ফাইনালে ২৫৫ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় তারা।

জবাবে ব্যাট করতে নেমে ভারতের বোলিং তোপে শুরু থেকেই চাপে পড়ে নিউজিল্যান্ড। পাওয়ার প্লে শেষ হওয়ার আগেই ৪৭ রানে ৩ উইকেট হারায় তারা। সেমিফাইনালের সেঞ্চুরিয়ান ফিন অ্যালেন (৯), রাচিন রবীন্দ্র (১) এবং গ্লেন ফিলিপস (৫) দ্রুত সাজঘরে ফেরেন।

একপ্রান্তে ওপেনার টিম সেইফার্ট লড়াই চালিয়ে গেলেও তাঁকে সঙ্গ দিতে ব্যর্থ হন মার্ক চাপম্যান (৩)। ২৬ বলে ৫ ছক্কা ও ২ চারে ৫২ রানের লড়াকু ইনিংস খেলে সেইফার্ট বিদায় নিলে কিউইদের শিরোপার আশাও শেষ হয়ে যায়। শেষ দিকে অধিনায়ক মিচেল স্যান্টনার (৪৩) ও ড্যারিল মিচেল (১৭) কেবল হারের ব্যবধানই কমিয়েছেন। শেষ পর্যন্ত ১৫৯ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ড।