চলমান অস্থিরতার মধ্যে ভারতের নুমালিগড় রিফাইনারি থেকে দেশে আসছে ৫ হাজার মেট্রিক টন ডিজেল। বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইনে আজ মঙ্গলবার (১০ মার্চ) এ জ্বালানি দিনাজপুরের পার্বতীপুর ডিপোতে এসে পৌঁছার কথা।

বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) বাণিজ্য ও অপারেশন বিভাগের মহাব্যবস্থাপক মুহাম্মদ মোরশেদ হোসাইন আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত রোববার (৮ মার্চ) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইনের মাধ্যমে আগামী চার মাসে অতিরিক্ত ৫০ হাজার মেট্রিক টন ডিজেল সরবরাহের প্রস্তাব দেওয়া হয়। তার দুদিন পরই আজ ৫ হাজার মেট্রিক টন ডিজেল দেশে আসছে।

উল্লেখ্য, ২০২৩ সালের মার্চে উদ্বোধন হওয়া বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইনের মাধ্যমে বর্তমানে বছরে প্রায় ২ লাখ টন ডিজেল পরিবহন করা সম্ভব। ভবিষ্যতে এর সক্ষমতা ধাপে ধাপে বাড়িয়ে ১০ লাখ টনে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।