মধ্যপ্রাচ্যে যুদ্ধের মধ্যে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে দুটি ড্রোন ‘ভূপাতিত’ হওয়ার ঘটনায় একজন বাংলাদেশিসহ চারজন আহত হয়েছেন। দুবাই মিডিয়া অফিস এই তথ্য নিশ্চিত করেছে।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছাকাছি এলাকায় দু’টি ড্রোন বিধ্বস্ত হয়েছে। এতে চারজন আহত হয়েছেন।
দুবাই মিডিয়া অফিস জানায়, ড্রোনগুলো বিমানবন্দরের কাছাকাছি এলাকায় পড়ার ফলে এই হতাহতের ঘটনা ঘটে। আহতদের মধ্যে একজন ভারতীয় নাগরিকের আঘাত ‘মাঝারি’ ধরনের। অন্যদিকে, ঘানার দুই নাগরিক এবং একজন বাংলাদেশি নাগরিকের আঘাত ‘সামান্য’। আহতদের উদ্ধার করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ড্রোন ভূপাতিত হওয়ার এই ঘটনায় বিমানবন্দরের কার্যক্রমে কোনো বিঘ্ন ঘটেনি বলে জানিয়েছে কর্তৃপক্ষ। দুবাই মিডিয়া অফিস আরও নিশ্চিত করেছে যে, বর্তমানে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের বিমান চলাচল পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।












