বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামীকাল বেলা ১১টায় শুরু হবে। সেদিনই নির্বাচিত হবেন স্পিকার ও ডেপুটি স্পিকার। তাদেরকে শপথ পড়াবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বুধবার (১১ মার্চ) দুপুরে জাতীয় সংসদ ভবন থেকে বের হয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
তিনি জানান, প্রথম অধিবেশনে সুপ্রস্তাব আসবে, সেগুলোর ওপর আলোচনা হবে। পরবর্তীতে জাতীয় সংসদে অর্ডিন্যান্স (১৩৩টি) উত্থাপন করবেন আইনমন্ত্রী। এরপর হবে রাষ্ট্রপতির ভাষণ।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বেশ কিছু ঐতিহাসিক সিদ্ধান্ত হবে কাল। ১৫ তারিখ অধিবেশন হয়ে এরপর বিরতি হতে পারে বলে জানিয়েছেন সালাহউদ্দিন আহমদ।
এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদে ক্ষমতাসীন দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) দলের বৈঠক অনুষ্ঠিত হয়। জাতীয় সংসদ ভবনের সরকার দলীয় সভাকক্ষে অনুষ্ঠিত ওই বৈঠকে সভাপতিত্ব করেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে বৃহস্পতিবার শুরু হতে যাওয়া সংসদ অধিবেশনসহ সার্বিক কার্যক্রম নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে।
সংখ্যাগরিষ্ঠতা থাকায় সাধারণত ক্ষমতাসীন দলের মনোনীত প্রার্থীই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত হন। তবে ডেপুটি স্পিকারের পদটি বিরোধী দল জামায়াতে ইসলামীকে দেওয়ার প্রস্তাব দিয়েছিল বিএনপি।
সেই প্রস্তাব আপাতত নাকচ করে দেওয়ার কথা জানিয়েছে জামায়াত। আজ সংসদ ভবনে বিরোধী দলীয় সংসদীয় কমিটির সভা শেষে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, সংসদে জুলাই সনদ নিয়ে আলোচনার পর ডেপুটি স্পিকারের বিষয়ে সিদ্ধান্ত জানাবে।












