ইসরায়েলের বিমান বাহিনী (আইএএফ)-এর হামলায় ২ মার্চ থেকে ১২ মার্চ পর্যন্ত ১০ দিনে লেবাননে ৬৮৭ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৬২ জন নারী, ৯৮ জন শিশু এবং ১৮ জন স্বাস্থ্যকর্মীও আছেন। এছাড়া আহত হয়েছেন আরও ১ হাজার ৭৭৪ জন। আহতদের মধ্যে ৩২৮ জন নারী, ৩০৪ জন শিশু এবং ৪৫ জন স্বাস্থ্যকর্মী আছেন।

বৃহস্পতিবার (১২ মার্চ) প্রকাশিত এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। খবর আনাদোলু এজেন্সির।

বিবৃতি অনুযায়ী, নিহতদের মধ্যে ৯৮ জন শিশু রয়েছে। সেইসঙ্গে আরও আছেন ৬২ জন নারী ও ১৮ জন প্যারামেডিক।

একই সময়ে ইসরায়েলি হামলার শিকার হয়ে লেবাননে আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৭৭৪ জনে। আহতদের মধ্যে ৩০৪ জন শিশু, ৩২৮ জন নারী এবং ৪৫ জন প্যারামেডিক রয়েছেন বলেও উল্লেখ করা হয়েছে বিবৃতিতে।

উল্লেখ্য, গত ২৮ মার্চ ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা শুরু হওয়ার পর দ্বিতীয় দিন ২ মার্চ ইরানের প্রতি সংহতি জানিয়ে উত্তর ইসরায়েলে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ)-এর বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে রকেট নিক্ষেপ করে লেবাননভিত্তিক মুসলিম সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হিজবুল্লাহ।

হিজবুল্লাহ ইরানে ক্ষমতাসীন ইসলামি প্রজাতন্ত্রী সরকারের মদতপুষ্ট এবং একনিষ্ঠ সমর্থক।

হিজবুল্লাহর এই হামলার পর থেকে লেবাননে বিমান অভিযান শুরু করে ইসরায়েল, যা এখনও চলছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ২ মার্চের পর থেকে প্রতিদিনই বিমান অভিযান চালাচ্ছে ইসরায়েল।