মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে নতুন করে অস্থিরতা তৈরি করে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন এবং কুয়েতে অবস্থিত তিনটি মার্কিন সামরিক ঘাঁটিতে কয়েক দফায় হামলা চালানোর দাবি জানিয়েছে ইরান। শনিবার ইরানের নৌবাহিনী ওই অঞ্চলে অবস্থিত যুক্তরাষ্ট্রের এসব কৌশলগত ঘাঁটি লক্ষ্য করে একের পর এক আক্রমণ পরিচালনা করে।
ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌ-প্রধান অ্যাডমিরাল আলিরেজা তাংসিরির বরাত দিয়ে দেশটির গণমাধ্যমে প্রকাশিত খবরে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, আবুধাবির আল-ধাফরা, কুয়েতের আল-আদিরি এবং বাহরাইনের শেখ ঈসা ঘাঁটিতে অবস্থানরত মার্কিন বাহিনীকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এসব হামলায় যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট রাডার ব্যবস্থা, যুদ্ধবিমান এবং বিমানের জ্বালানি সংরক্ষণ ট্যাঙ্ককে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে দাবি করেন তাংসিরি।
এদিকে ইরানের খারগ দ্বীপে মার্কিন বাহিনীর হামলার পর সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত যুক্তরাষ্ট্রের সব গোপন ঘাঁটিকে বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত করার হুমকি দিয়েছে আইআরজিসি।
শনিবার এক বিবৃতিতে আইআরজিসি জানায়, ইরানের জাতীয় সার্বভৌমত্ব ও ভূখণ্ড রক্ষার অধিকার থেকে তারা এ পদক্ষেপ নিতে পারে। সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন শহরে অবস্থানরত মার্কিন বাহিনী, তাদের ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণস্থল, ব্যবহৃত বন্দর ও ডক এবং মার্কিন সেনাদের অবস্থানকে লক্ষ্যবস্তু করা হতে পারে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজে প্রকাশিত বিবৃতিতে সংযুক্ত আরব আমিরাতের বাসিন্দাদেরও সতর্ক করা হয়েছে। সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে বন্দর, ডক ও মার্কিন সামরিক স্থাপনা থেকে নিরাপদ দূরত্বে থাকার আহ্বান জানিয়েছে আইআরজিসি।











