মুসল্লিদের ঈদের নামাজ আদায়ের জন্য জাতীয় ঈদগাহ সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সংশ্লিষ্ট সবাই মিলে ঠিক করা হয়েছে জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়। তবে বৃষ্টি হলে সময়ের পরিবর্তন হবে। সোমবার (১৬ মার্চ) জাতীয় ঈদগাহের সার্বিক প্রস্তুতি পরিদর্শনে এসে এ কথা জানান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আবদুস সালাম।

তিনি জানান, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদের সদস্য, প্রধান বিচারপতিসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করবেন।

প্রশাসক মো. আব্দুস সালাম বলেন, জাতীয় ঈদগাহ ময়দানে একসঙ্গে প্রায় ৩৫ হাজার মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়েছে। ভিআইপি ব্লকে পুরুষের জন্য ২৫০ জন এবং নারীদের জন্য ৮০ জনের নামাজের ব্যবস্থা রাখা হয়েছে।

তিনি আরও জানান, মুসল্লিদের সুবিধার্থে অজু, পয়োনিষ্কাশন ও সুপেয় পানির ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি সার্বক্ষণিক মেডিকেল টিম ও অ্যাম্বুলেন্স প্রস্তুত থাকবে।

নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে আলাদা প্রবেশ ও প্রস্থান গেট রাখা হয়েছে। এছাড়া নারী মুসল্লিদের জন্য পৃথক ব্লক ও আলাদা প্রবেশপথের ব্যবস্থাও করা হয়েছে।