সবার সহযোগিতা ও দোয়ায় প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২১ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন যমুনায় সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, জনগণ যে দেশ দেখতে চায়, সেই দেশ গড়তে কাজ করবে সরকার। ৭১ এবং ২৪-এ যারা শহীদ হয়েছে শ্রদ্ধার সঙ্গে তাদের স্মরণ করছি। প্রত্যাশিত দেশ গড়তে দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে সবার সহযোগিতা কামনা করছি।

দীর্ঘসময় পর দেশের মাটিতে ঈদ উদ্‌যাপনের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বহু বছর পর আল্লাহ রাব্বুল আল-আমিনের ইচ্ছায়, বাংলাদেশের মানুষের দোয়ায় আমি এবং আমার পরিবার দেশের মাটিতে, দেশের মানুষের সঙ্গে ঈদ পালন করতে সক্ষম হয়েছি। এর জন্য প্রথমেই আমি আল্লাহ রাব্বুল আল-আমিনের দরবারে শুকরিয়া আদায় করছি।

দেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করে তিনি বলেন, জনগণ যে দেশ দেখতে চায়, সরকার সেই দেশ গড়তে কাজ করবে। প্রত্যাশিত দেশ গড়তে দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে সবার সহযোগিতা কামনা করছি। এই ঈদে আল্লাহ রাব্বুল আল-আমিনের কাছে আমরা রহমত চাই, যেন আল্লাহ আমাদের সেই রহমত দেন, যাতে করে আমরা দেশের মানুষের প্রত্যাশিত সেই বাংলাদেশকে ধীরে ধীরে গড়ে তুলতে পারি।

এ সময় একাত্তরের শহিদ ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাসহ চব্বিশের গণঅভ্যুত্থানে শহিদ ও আহতদের স্মরণ করে সকল শহিদদের আত্মার মাগফিরাত কামনা করেন প্রধানমন্ত্রী।