খাগড়াছড়ির পানছড়িতে ইউপিডিএফ (গণতান্ত্রিক) নেতা নীতি দত্ত চাকমা (৪৫) গুলিতে নিহত হয়েছেন। শুক্রবার (২৭ মার্চ) সকাল ৯টার দিকে উপজেলার সুতাকর্মপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নীতি দত্ত চাকমা ইউপিডিএফ (গণতান্ত্রিক)-এর পানছড়ি উপজেলা সংগঠক ছিলেন। তিনি উপজেলার উত্তর শান্তিপুর এলাকার বাসিন্দা মৃত বর্ণনাতীত চাকমার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে নীতি দত্ত চাকমা সুতাকর্মপাড়ার একটি দোকানে বসে ছিলেন। এ সময় অজ্ঞাতনামা কয়েকজন সশস্ত্র দুর্বৃত্ত সেখানে এসে তাকে খুব কাছ থেকে গুলি করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালের চিকিৎসক ডা. জয়া ত্রিপুরা জানান, হাসপাতালে আনার আগেই নীতি দত্ত চাকমার মৃত্যু হয়েছে। তার পেটে গুলির আঘাত ছিল এবং বাম হাত ভাঙা অবস্থায় পাওয়া গেছে। ময়নাতদন্তের পর মৃত্যুর বিস্তারিত কারণ জানা যাবে।
পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ বলেন, গোলাগুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলেও পরে মৃত্যুর খবর পাওয়া যায়।
এ ঘটনায় ইউপিডিএফ (গণতান্ত্রিক)-এর কেন্দ্রীয় সংগঠক অমর চাকমা প্রসিতপন্থি ইউপিডিএফকে দায়ী করেছেন। তবে জেলা ইউপিডিএফ সংগঠক অংগ মারমা এ অভিযোগ অস্বীকার করে বলেন, স্থানীয় একটি মেলাকে কেন্দ্র করে অভ্যন্তরীণ বিরোধ থেকেই এই হত্যাকাণ্ড ঘটতে পারে।












