মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে, ইরানে চলমান সামরিক অভিযান আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে গুটিয়ে নেওয়া হবে। বুধবার (১ এপ্রিল) হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই নির্দিষ্ট সময়সীমার কথা উল্লেখ করেন।
ট্রাম্প বলেন, ‘আমরা ইরানে আমাদের আক্রমণাত্মক কার্যক্রম পর্যায়ক্রমে কমিয়ে আনছি এবং আমি আশা করছি আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে এই অভিযান পুরোপুরি শেষ হবে।’
গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব নিয়ে কী ভাবছেন- হোয়াইট হাউসের এক অনুষ্ঠানে ট্রাম্পকে এমন প্রশ্ন করেন সাংবাদিকরা। জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘এখন আমাকে শুধু ইরান থেকে সরে আসতে হবে। সেটা আমরা খুব শিগগিরই করব। আর ততদিনে তারা ধসে পড়বে।’
তিনি আরো বলেন, ‘আমাদের কাজটি প্রায় শেষ পর্যায়ে। আমার ধারণা, পুরো কাজটি সম্পন্ন করতে হয়ত দুই সপ্তাহ বা তার চেয়ে কয়েক দিন বেশি লাগতে পারে।’ ট্রাম্প স্পষ্ট করে বলেন, মার্কিন অভিযান শেষ করতে ইরানের সাথে কোনো চুক্তির প্রয়োজন নেই। ইরান ইতোমধ্যে পাল্টা পদক্ষেপ হিসেবে তেলের ট্যাংকার চলাচলের জন্য গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি কার্যত বন্ধ করে দিয়েছে। ফলে বিশ্ববাজারে তেলের সরবরাহ ও দামে বড় ধরনের প্রভাব পড়েছে।
ওভাল অফিসে সাংবাদিকদের তিনি বলেন, ‘তাদের আমার সাথে কোনো চুক্তি করার দরকার নেই।’ এর আগে তিনি মেইল-ইন ভোটিং দমনে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন। মেইল-ইন ভোটিং জালিয়াতিতে ভরা বলে কোনো প্রমাণ ছাড়াই দাবি করে আসছেন ট্রাম্প।
তিনি বলেন, যখন আমাদের মনে হবে যে, ‘তাদেরকে দীর্ঘ সময়ের জন্য প্রস্তর যুগে পাঠাতে পেরেছি এবং দেশটি আর পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না; তখনই আমরা সেখান থেকে সরে আসব। এক্ষেত্রে চুক্তি হোক বা না হোক, সেটা অপ্রাসঙ্গিক।’











