ইরান যুদ্ধে ন্যাটো জোটভুক্ত ইউরোপীয় দেশগুলোকে যুক্ত করতে চেয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এতে দেশগুলো সাড়া দেয়নি। উল্টো ইউরোপিয়ানরা এ যুদ্ধের বিপক্ষে অবস্থান নিয়েছে। তাদের মধ্যে মধ্যপ্রাচ্যের যুদ্ধ নিয়ে সবচেয়ে সরব রয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

আর এমন অবস্থায় ফরাসি প্রেসিডেন্টকে ব্যক্তিগত আক্রমণ করেছেন ট্রাম্প। তিনি বলেছেন, ম্যাক্রোঁ তার স্ত্রীর হাতে যে ঘুষি খেয়েছিলেন, সেটি থেকে এখনো সেরে উঠতে পারেননি।

গতকাল বুধবার (১ এপ্রিল) হোয়াইট হাউসের এক ব্যক্তিগত মধ্যাহ্নভোজে ট্রাম্প বলেন, ‘আমি ফ্রান্সের ম্যাক্রোঁকে ফোন করেছিলাম– যার স্ত্রী তার সাথে অত্যন্ত খারাপ ব্যবহার করেন। চোয়ালে (স্ত্রীর) এক ঘুষির ধাক্কা এখনো সামলে উঠতে পারেননি তিনি।’

মার্কিন প্রেসিডেন্টের এই মন্তব্যে একটি ভিডিও ইউটিউবে প্রকাশ হওয়ার পরপরই দ্রুতই ভাইরাল হয়ে যায়। যদিও পরে ভিডিওটি সরিয়ে নেয় কর্তৃপক্ষ।

মূলত, ২০২৫ সালের মে মাসে ভিয়েতনাম সফরে গিয়ে বিমান থেকে নামার সময় এক অদ্ভুত ঘটনার মুখোমুখি হন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। উড়োজাহাজের দরজা খোলার মুহূর্তে তার মুখে ধাক্কা মারেন স্ত্রী ব্রিজিত ম্যাক্রোঁ। আর এই ঘটনা এক সাংবাদিকের ক্যামেরায় ধরা পড়ে, যা সামাজিক মাধ্যমে ভাইরাল হয় এবং ব্যাপক সমালোচনার জন্ম দেয়।

ভিডিওতে দেখা যায়, ৭২ বছর বয়সী ব্রিজিত তার ৪৭ বছর বয়সী স্বামীর মুখে হালকা ঘুষি দেন। এসময় ম্যাক্রোঁ দ্রুত নিজেকে সামলে নেন এবং বাইরে তাকিয়ে উপস্থিত জনতার উদ্দেশে হাত নাড়েন।

সেই সময় ভিডিওটি আলোচনা নিয়ে ম্যাক্রোঁ বলেঠিলেন, ঘটনাটি নিয়ে অতিরঞ্জিত মন্তব্য করা হচ্ছে। এটি একটি গুজব এবং তার বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর চেষ্টা বলেও মন্তব্য করেন ফরাসি প্রেসিডেন্ট।