জমিসংক্রান্ত বিরোধের জেরে ময়মনসিংহের ত্রিশাল মোক্ষপুরে যুবক হত্যা মামলায় পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (৮ এপ্রিল) দুপুরে বিশেষ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফারহানা ফেরদৌস এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- মোক্ষপুরের সেনের চকপাড়া গ্রামের মৃত শুক্কুর আলীর ছেলে আব্দুর রশিদ (৪১) ও জসিম উদ্দিন (৫০), জসিম উদ্দিনের স্ত্রী হুরেনা খাতুন ও ছেলে রিয়াদ (২৫) এবং আব্দুর রশিদের মেয়ে জোনাকি আক্তার (৩৮)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, জমি সংক্রান্ত বিরোধের জেরে ২০২৩ সালের ১৯ জুন প্রবাসী কামরুজ্জামানের ছেলে আল আমিনকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের চাচা হাফিজুল ইসলাম বাদী হয়ে ত্রিশাল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলায় ১৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ, যুক্তি-তর্ক-শুনানি শেষে আসামিদের দোষী সাব্যস্ত করে আদালতের বিচারক অভিযুক্ত ৫জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. আকরাম হোসেন রায়ে সন্তোষ প্রকাশ করেছেন। আসামিপক্ষে আইনজীবী আবুল কালাম মামলাটি পরিচালনা করেন।