দেশে গত ২৪ ঘণ্টায় হাম রোগে আক্রান্ত হয়ে এবং হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এতে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে নিশ্চিত ও সন্দেহজনক মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৬৯ জনে। একই সময়ে মোট আক্রান্ত হয়েছে ১৮ হাজার ৮৭৪ জন শিশু। শনিবার (১১ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ২৪ শিশুর, সন্দেহজনক মৃত্যু হয়েছে আরও ১৪৫ শিশুর।
এছাড়া নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ২৪৮৯ শিশু এবং সন্দেহজনক আরও ১৪ হাজার ৩৮৫ শিশুর আক্রান্ত হওয়ার তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
সবচেয়ে বেশি মৃত্যু ও আক্রান্ত হয়েছে ঢাকা বিভাগে, পরের স্থানে আছে রাজশাহী বিভাগ। ঢাকা বিভাগে নিশ্চিত ও সন্দেহজনক ৭৪৭৮ শিশু এবং রাজশাহী বিভাগে ৩৪৪৯ শিশু হামে আক্রান্ত হয়েছে।












