পাওনা টাকাকে কেন্দ্র করে রাজধানীর যাত্রাবাড়ী কাজলা এলাকায় দিয়া (২০) নামের এক কলেজছাত্রীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এই ঘটনায় দিয়ার মা মৌসুমী আক্তার (৩৮) ভাই মোয়াজ (১৫) ও বোন জয়া আক্তার (১২) আহত হয়েছেন। সোমবার (১৩ এপ্রিল) দিবাগত রাত ২টার দিকে কাজলা ভাঙ্গা প্রেস এলাকায় নিজেদের বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত দিয়া শেখ বোরহানুদ্দীন কলেজের শিক্ষার্থী ছিলেন। আহতদের ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার সময় নিহতের বাবা নবু উল্লাহ বাড়িতে ছিলেন না।
পুলিশ জানায়, হামলাকারী ওই বাড়ির ভাড়াটে ও নির্মাণ ঠিকাদার। ওই বাড়ির নির্মাণ কাজের পাওনা টাকা নিয়ে বিবাদের জেরে এই হামলা হয়েছে। হামলাকারী ঠিকাদার আবু মুসাকে (৪০) গ্রেপ্তার করা হয়েছে। তিনি পুলিশ পাহারায় চিকিৎসাধীন রয়েছেন। হতাহতদের হাসপাতালে নিয়ে আসে পরিবারটির গাড়ি চালক মো. বিল্লাল।
তিনি হাসপাতালে সাংবাদিকদের বলেন, সোমবার গভীররাতে এ হামলা চালায় আবু মুসা। এ সময়ে হামলাকারী নিজেও আহত হয়। ভুক্তভোগীদের চিৎকারে আশপাশের লোকজন এসে হতাহতদের উদ্ধার করে, আটক করে মুসাকে।
বিল্লাল বলেন, আবু মুসা কয়েক বছর ধরে হামলার শিকার ব্যক্তিদের ১০ তলা ভবনের নির্মাণ কাজ করেন। সেই কাজের পাওনা টাকা নিয়ে ঝগড়াঝাটির একপর্যায়ে মুসা তাদের কুপিয়ে আহত করেন। ঘটনার সময় গৃহকর্তা নবু উল্লাহ তার অসুস্থ ছোট সন্তানকে নিয়ে হাসপাতালে ছিলেন।
ওসি মোহাম্মদ রাজু বলেন, “ভোরে কাজলা এলাকার একটি পরিবারের ওপর হামলা চালিয়ে ওই কলেজ ছাত্রীকে হত্যা করা হয়। এই ঘটনায় পরিবারটির আরও তিনজন হাসপাতালে ভর্তি আছে। হামলাকারী মুসা মিয়াও আহত হয়েছে। তাকে আটক করে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।”
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, আর্থিক বিবাদ থেকে ঘটনাটি ঘটেছে। পাশাপাশি আর কোন মোটিভ আছে কী না সেটিও খতিয়ে দেখা হচ্ছে।












