সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া, নতুন করে আরও ১ হাজার ১০৫ জনের শরীরে পাওয়া গেছে এ রোগের উপসর্গ। মঙ্গলবার (১৪ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী, গতকাল (সোমবার, ১৩ এপ্রিল) সকাল ৮টা থেকে আজ (মঙ্গলবার, ১৪ এপ্রিল) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে ১ জন ও সন্দেহজনক হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু হয়।
এর মধ্যে সন্দেহজনক হাম রোগে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৬ জন এবং ঢাকা জেলায় ৪ জনের মৃত্যু হয়েছে। বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হাম রোগে নিহতের সংখ্যা ৩১ জন। এছাড়াও একই সময়ে সন্দেহজনক হাম রোগে মৃত্যুর সংখ্যা ১৬৪ জন।
এর আগে, গতকাল সোমবার হাম ও হামের উপসর্গ নিয়ে সাত শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে দুই শিশুর হামে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বাকি পাঁচ শিশু হামের উপসর্গ নিয়ে মারা গেছে।
এছাড়াও গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৭৬ জন। বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত ২ হাজার ৮৯৭ জনের নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। সেই সঙ্গে সন্দেহজনক হাম রোগে ভর্তির সংখ্যা ১১ হাজার ৬৫২ জন।












